ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁও খালে মিলল নিখোঁজ শিশু সাজেদুলের মরদেহ

  • আপডেট: Saturday, July 11, 2026 - 8:08 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত সাজেদুল ইসলাম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কুনা পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সাজেদুল স্থানীয় একটি পাহাড়ি এলাকায় লাকড়ি কুড়াতে যায়। এ সময় আকস্মিক পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সে ঈদগড়-ঈদগাঁও খালে ভেসে নিখোঁজ হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন উদ্ধারকারী দল ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে শনিবার (১১ জুলাই) সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া চরপাড়া ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস গেটসংলগ্ন ঈদগাঁও খালে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন।

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় হেডম্যান খলিলুর রহমান জানান, সকালে খাল পারাপারের সময় স্থানীয়রা পানিতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে তাদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

চার দিন পর সন্তানের মরদেহ ফিরে পাওয়ায় স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।