ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ১:২৮ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: টঙ্গীতে মোটরসাইকেল উদ্ধার, বন্ধু দ্বীপ পিবিআই হেফাজতে

টঙ্গী সংবাদদাতা।। তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনার পর এবার টঙ্গী থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকার তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে পরিত্যক্ত অবস্থায় নম্বরপ্লেটবিহীন এই মোটরসাইকেলটির সন্ধান পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ছাড়া ঘটনার রহস্য উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে গত রাতে মোহাম্মদপুরের বাসা থেকে হেফাজতে নিয়েছে পিবিআই।

পিবিআই সদর দপ্তর জানিয়েছে, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় মূল তদন্তকারী সংস্থা নৌ পুলিশকে সহায়তার পাশাপাশি পিবিআই এর ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ইতোমধ্যে উদ্ধার হওয়া মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরীক্ষা করে এটি ভুক্তভোগীর কি না, তা নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করেছে।

এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন ২৮ বছর বয়সী তরুণ তাহসিফ সাউরি। পরদিন বুধবার উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। উদ্ধারের সময় তার পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই পরিচয় শনাক্ত করা হয়। সুরতহাল প্রতিবেদনে শরীরে বাহ্যিক বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নাক দিয়ে রক্ত বের হওয়ার তথ্য মিলেছে এবং তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পরিবারের দাবি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় জুনিয়র বন্ধু দ্বীপের ডাকে সাড়া দিয়ে নিজের মোটরসাইকেল নিয়ে উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। সিসিটিভি ফুটেজে তাদের গ্যারেজে হাত মেলাতে এবং পৃথক মোটরসাইকেলে রওনা হতে দেখা যায়।

 

বন্ধু দ্বীপের দাবি—তারা একসঙ্গে শপিং মলে যান এবং রেস্তোরাঁয় রাতের খাবার শেষে সাড়ে ১১টার দিকে তাহসিফ ব্যক্তিগত কাজের কথা বলে নিজের মোটরসাইকেল নিয়ে একাই রওনা হন। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার মাকে “আম্মু, আমি আসছি” লিখে শেষ বার্তা পাঠালেও এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তাহসিফের বাবার দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই রহস্যজনক মৃত্যুর পেছনে বন্ধু দ্বীপের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে পিবিআই রাতভর অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে।

সম্পর্কিত