ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ২:১৩ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে তুরাগ নদে ঝাঁপ দেন তাহসিফ: বন্ধু দীপের দাবি

নিজস্ব প্রতিবেদক।। তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পিবিআই হেফাজতে থাকা তার জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, ঘটনার রাতে তুরাগ নদ সংলগ্ন এলাকায় তাদের কথা বলার সময় কয়েকজন লোক আচমকা ধাওয়া দিলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ নিজে সেখান থেকে পালিয়ে যান।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একাধিক কর্মকর্তা দীপের এই জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই সদর দপ্তরের এক পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া দীপের এই চাঞ্চল্যকর দাবি এবং ঘটনার রাতে তাদের প্রকৃত অবস্থানসহ অন্যান্য তথ্য-উপাত্ত গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত পরিস্থিতি ও এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

এদিকে আজ সকালে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকার তুরাগ নদীর তীরবর্তী স্থান থেকে তার ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল এবং পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরীক্ষা করে মালিকানা নিশ্চিতের প্রক্রিয়া চলছে। মামলাটির মূল তদন্তভার নৌ পুলিশের হাতে থাকলেও পিবিআই এর ছায়া তদন্ত অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার বাসা থেকে জুনিয়র বন্ধু দীপের ডাকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর উত্তরখানের তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। দীপের দাবি অনুযায়ী, ঘটনার রাতে খাবার শেষে তারা তুরাগ নদীর ঘাটে গিয়েছিলেন, যেখানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ধাওয়ার মুখে এই মৃত্যুর ঘটনা ঘটে।

সম্পর্কিত