ঢাকা | অক্টোবর ২৯, ২০২৬ - ১:৪৬ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

মাকে বিদায় দিয়ে রাস্তার পাশ দিয়ে হেটে ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় দুই শিশু নিহত

ময়মনসিংহ প্রতিনিধি।। ময়মনসিংহের তারাকান্দায় মাকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছে আপন দুই শিশু বোন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো স্থানীয় তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬)। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে দুই মেয়ে তাঁর পিছু নেয়। উপজেলার তালদিঘী মডেল মসজিদের সামনে পৌঁছালে তাদের মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় পেছন থেকে আসা ফুলপুরগামী নীল-হলুদ রঙের একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক দ্রুত গতিতে পালিয়ে যান। তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু সড়কের পাশ ধরে হেঁটে যাওয়ার সময় গাড়িটি আচমকা তাদের ওপর উঠে যায়। প্রাথমিক আলামত ও ফুটেজ দেখে চালকের ঘুমিয়ে পড়ার বিষয়টিই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে ধারণা করছে পুলিশ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ ও উপপরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্ত করার এবং পলাতক চালককে আটকে পুলিশি অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত