ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে গাছের সাথে যাত্রীবাহী  বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

  • আপডেট: Saturday, July 11, 2026 - 7:59 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি।

 

 

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ  ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে তিশা পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় বিএসআরএম বাইপাস এলাকায় ঢাকামুখী লেন থেকে একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে কাভার্ড ভ্যানের একটি অংশ বাসটির সামনের চাকায় আটকে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রী ও চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনার পর কিছু সময় চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্থ বাসটি এবং সড়কে ছড়িয়ে থাকা গাছপালা অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এবিষয়ে জানতে চাইয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় বিএসআরএম এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের চালক হেলপার ও যাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।