ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ৬:৩২ অপরাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর জরুরি উদ্যোগ, ড্রেন পরিষ্কারে স্বস্তি ফিরছে প্লাবিত এলাকায়

  • আপডেট: Thursday, July 9, 2026 - 5:19 pm

রাজস্থলী প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জরুরি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন (৩৮ বীর)। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ শুরু হওয়ায় প্লাবিত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অবিরাম বৃষ্টিতে বাঙ্গালহালিয়া বাজার, বাজারসংলগ্ন ডাকবাংলা মধ্যমপাড়া, দক্ষিণেশ্বর কালী মন্দিরের পেছনের এলাকা এবং আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবারের বসতঘর ও উঠানে হাঁটুসমান পানি জমে যায়। দীর্ঘ সময় পানি আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি-এর নির্দেশনায় বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. এস. আরেফিন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাস, সংরক্ষিত মহিলা সদস্য বাপ্পী দেব, বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর উদ্যোগে বুলডোজার এনে বাজার ও আশপাশের দীর্ঘদিনের ভরাট ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু করা হয়। এতে জমে থাকা পানি দ্রুত নেমে যেতে শুরু করলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। সেনাবাহিনীর এ মানবিক ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মেজর মো. এস. আরেফিন বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ সেনাবাহিনী জনদুর্ভোগ নিরসনে নিরলসভাবে কাজ করছে। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা, চিকিৎসাসেবা, উদ্ধার কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকবাংলা পাড়ার ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি বাঙ্গালহালিয়া বাজার ও আশপাশের এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেনাবাহিনীর উদ্যোগে সেই বাধা অপসারণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছে। ইতোমধ্যে উপজেলার তিনটি ইউনিয়নে মোট নয়টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ হাসান আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ না নিলে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করত। তারা সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বাঙ্গালহালিয়া বাজার ও আশপাশের এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।