ঢাকা | জুলাই ৯, ২০২৬ - ১২:১২ অপরাহ্ন

শিরোনাম

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আর্মি পাড়ায় সেনাবাহিনীর নৌকা সেবা

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:19 am

বান্দরবান প্রতিনিধি:

টানা চার দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আর্মি পাড়ার বাসিন্দাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নৌকা সেবার ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকার মতো আর্মি পাড়াতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ও পারাপারে চরম দুর্ভোগ দেখা দেয়।

এ পরিস্থিতিতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে এলাকাবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন পারাপারের জন্য একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে পরিচালিত এ নৌকার মাধ্যমে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি এবং অন্যান্য পথচারীরা নিরাপদে যাতায়াত করতে পারছেন।

বান্দরবান সেনা জোন জানায়, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ-পরবর্তী সময়ে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে জনগণের জানমাল রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।