বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, অবসরের ঘোষণা অধিনায়ক রিয়াদ মাহরেজের
ক্রীড়া ডেস্ক।। ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইজারল্যান্ডের কাছে হেরে আলজেরিয়া বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ মাহরেজ।
আজ (৩ জুলাই) ভ্যাঙ্কুভারে শেষ বত্রিশের ম্যাচে ব্রিল এম্বোলো ও দান এনদোয়ের গোলে আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সুইজারল্যান্ড।
বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলা মাহরেজ ১১৩টি আন্তর্জাতিক ম্যাচ এবং ৩৯টি গোল করে জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানলেন। ফ্রান্সের ক্লিশিতে জন্ম নেওয়া মাহরেজ ২০১৩ সালে আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। তার মা ও বাবা-উভয়ের দিক থেকেই তিনি আলজেরীয় বংশোদ্ভূত।
২০১৬ সালে তিনি আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার জেতেন। ২০১৯ সালে অধিনায়ক হিসেবে আলজেরিয়াকে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতান। ২০২৬ বিশ্বকাপে মাহরেজ আলজেরিয়ার হয়ে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে একটি ম্যাচে দুটি গোল করেছিলেন।











