ঢাকা | জুন ২৮, ২০২৬ - ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

অসহায় মানুষের পাশে পহর লাইব্রেরি, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট: Saturday, June 27, 2026 - 10:14 pm

মো. আল আমিন, দীঘিনালা।।

সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির দীঘিনালায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন পহর লাইব্রেরি। মানবিক এ উদ্যোগে তিন শতাধিক অসচ্ছল ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয় ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

শনিবার (২৭ জুন) সকালে দীঘিনালা সদর উপজেলার জামতলী রাজেন্দ্র কার্বারীপাড়ায় পহর লাইব্রেরির কার্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। চিকিৎসকদের আন্তরিক সেবা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দিনব্যাপী ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়।

ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, রক্তের গ্রুপ নির্ণয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে বিশেষ করে নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ উপকৃত হন।

চিকিৎসাসেবা প্রদান করেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিনেশ ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. এ. কে. এম. কামরুজ্জামান এবং জেনারেল হাসপাতাল মেমন-২-এর সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপা ত্রিপুরা।

চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল পারভেজ। তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, চিকিৎসক, আয়োজক ও সেবাগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে ইউএনও মো. তানজিল পারভেজ বলেন, “প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণের মতো উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। পহর লাইব্রেরি সামাজিক দায়বদ্ধতা থেকে যে মহৎ উদ্যোগ নিয়েছে, তা অন্যদের জন্যও অনুকরণীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের সামাজিক উদ্যোগ বাড়লে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।”

পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা রিচার্ড বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই দায়িত্ববোধ থেকেই এই বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে ওষুধ দিয়ে সহযোগিতা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেছে স্থানীয় মেডিকেয়ার ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টার।

চিকিৎসাসেবা গ্রহণকারী ব্যক্তিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য এমন বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত কার্যকর উদ্যোগ। তাঁরা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। উপজেলা প্রশাসনও ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।