বটতলী স্পোর্টিং ক্লাবের দায়িত্বে নূরউদ্দিন রাজু ও ইমরান হোসেন জুমান
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি উপজেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য ক্রীড়া ও সামাজিক সংগঠন হিসেবে পরিচিত।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এলাকার মুরব্বি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নূরউদ্দিন রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাবেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সবুর, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. ইউসুফ নবী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সারোয়ার আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রীড়া সংগঠনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত সদস্য ও স্থানীয়দের সর্বসম্মতিক্রমে বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নূরউদ্দিন রাজু, সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন জুমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাঈম উদ্দিন কাদের দায়িত্ব পান।
এছাড়া সহ-সভাপতি হিসেবে মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান সাগর, ক্রীড়া সম্পাদক হিসেবে জয়নাল আবেদীন, সহকারী ক্রীড়া সম্পাদক হিসেবে মো. আরফান, প্রচার সম্পাদক হিসেবে মো. জাবের এবং সহকারী প্রচার সম্পাদক হিসেবে মো. রাসেলকে দায়িত্ব প্রদান করা হয়।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি নূরউদ্দিন রাজু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্লাবের উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।











