ঢাকা | জুন ২৬, ২০২৬ - ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মাইনীমুখ একাদশ

  • আপডেট: Friday, June 26, 2026 - 7:51 pm

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদুতে লংগদু জোনের উদ্যোগে আয়োজিত জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে মাইনীমুখ ইউনিয়ন একাদশ।

শুক্রবার বিকেল ৪টায় লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাইনীমুখ একাদশ ও খেদারমারা একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই সমানতালে লড়াই করে এবং কোনো দল গোল করতে পারেনি। পরে অতিরিক্ত ২০ মিনিট সময়েও গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে মাইনীমুখ একাদশ ৩-২ গোলে খেদারমারা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন প্রধান অতিথি লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহিনুর মাহমুদ খান, মেজর শাহিনুর আল সাকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, গত ১৩ জুন উপজেলার ৯টি দলের অংশগ্রহণে শুরু হয় এ টুর্নামেন্ট। আয়োজকদের তথ্যমতে, সর্বশেষ ২০২২ সালে লংগদু জোনের আয়োজনে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এমন আয়োজন ফিরে আসায় খেলোয়াড় ও দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, “যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। খেলায় জয়-পরাজয় থাকলেও সবচেয়ে বড় বিষয় হলো মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি।”

খেলা শেষে পরিবেশ সংরক্ষণ ও বনাঞ্চল বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে খেদারমারা ইউনিয়ন চেয়ারম্যানের হাতে এক হাজার গাছের চারা তুলে দেন জোন অধিনায়ক।