ঢাকা | জুন ২৬, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর পরিবারের পাশে বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সহায়তা

  • আপডেট: Friday, June 26, 2026 - 7:50 pm

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

মানবিক দায়বদ্ধতা থেকে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাতারবন পাড়ার ক্যান্সারে আক্রান্ত মোঃ মহিবুল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (২৬ জুন) সকালে সংগঠনটির পক্ষ থেকে মহিবুল্লাহর পরিবারের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোঃ মহিবুল্লাহ। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তিন সন্তানসহ পরিবারের সদস্যদের জীবনযাপনও অনিশ্চয়তার মধ্যে পড়ে।

এ অবস্থায় বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহিবুল্লাহর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সুমন খান, মোঃ ছাদেক হোসেন, সাংবাদিক মিন্টু কান্তি নাথ, উচ্চপ্রু মরমা, মোঃ বেলাল হোসেন, মোঃ রিয়াদ, মোঃ শাকিব আহমেদ হীরা, মোঃ নাঈম, মোঃ রিয়াজুল, সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিতুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, “মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর মতো অসহায় মানুষের চিকিৎসা ও পরিবারের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”

সহায়তা গ্রহণ করে মহিবুল্লাহর পরিবারের সদস্যরা বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহযোগিতা চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহে কিছুটা হলেও সহায়ক হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।