ঢাকা | জুন ২৬, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান গোলাগুলির পর আত্মসমর্পণ

  • আপডেট: Thursday, June 25, 2026 - 6:41 pm

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে গোলাগুলির ঘটনা, দুই সদস্যের আত্মসমর্পণ, একজনের নিহত হওয়া এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুন দুপুরে পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে পানছড়ির বরকলক এলাকায় সশস্ত্র সংগঠনের দুই সদস্য আত্মসমর্পণ করেন।

এ সময় তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত পৃথক অভিযানে গুলি বিনিময়ের ঘটনায় সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান এবং ২৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা এবং সব জনগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।