ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৯:০৩ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দীঘিনালায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 25, 2026 - 6:38 pm

দীঘিনালা প্রতিনিধি:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মপরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ত্রিলোক চাকমার সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার মো. কামরুজ্জামান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কনিকা খীসা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (ডিপিসি) প্রতিনিধি শহিদুল হক ভূঁইয়া।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চলতি বছর দীঘিনালা উপজেলায় মোট ১৫ হাজার ৯৫৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৬২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১২০টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।

আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।