ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৯:০৩ অপরাহ্ন

শিরোনাম

বরকলে গৃহবধূ হত্যা ও দস্যুতা মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, June 25, 2026 - 6:35 pm

রাঙ্গামাটি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় গৃহবধূ আয়েশা বেগম হত্যা ও দস্যুতার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব, পিএসসি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন রাতে বরকল থানার ১ নম্বর শুভলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকায় নিজ বসতঘরে গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করে।
পুলিশ সুপার জানান, নিহতের ছেলে আশরাফ আলীর দায়ের করা মামলার ভিত্তিতে জেলা পুলিশের তত্ত্বাবধানে বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে গত ২৪ জুন বরুনাছড়ি এলাকার বাসিন্দা মো. সোহাগ (১৭) ও ওমর আলী (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগের বাড়ির ছাদে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার টাকা এবং ওমর আলীর বাড়ির পাশের করলা বাগানে মাটির নিচে পুঁতে রাখা ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট অর্থের পরিমাণ ১ লাখ ৯৯ হাজার টাকা।
পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের দ্রুত তদন্ত, পেশাদারিত্ব এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই হত্যা ও দস্যুতার এই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিচারের আওতায় আনা হবে।