সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু
সাভার সংবাদদাতা।। ঢাকার সাভারে সবজি খেতে কাজ করার সময় বজ্রপাতে ৩ কৃষক মারা গেছেন। আজ রোববার বিকেল ৩টার দিকে সাভারের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন দ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় নিহতরা খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মৃতদের মধ্যে একজন কুটি ব্যাপারী (৭০)। অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বনগাঁ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কামরুন্নাহার বলেন, ‘কুটি ব্যাপারী দুই কৃষককে নিয়ে সবজি খেত থেকে সবজি তুলছিলেন। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তিনজনই মারা যান।’
অপর দুই কৃষি-শ্রমিকের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।











