ঢাকা | জুন ১৪, ২০২৬ - ৮:০২ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, June 14, 2026 - 5:43 pm

রাজস্থলী প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪ জুন) উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত সভায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সংকট। তবে এর প্রভাব স্থানীয় পর্যায়ে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, পানি সংকট, ভূমিধস এবং কৃষির ওপর বিরূপ প্রভাব ক্রমাগত বেড়ে চলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা, তাওহিদুল ইসলাম, রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার অ্যানিকা তঞ্চঙ্গ্যা, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড লিয়াজোঁ অফিসার থোয়াই সিং নু মারমা এবং সংবাদ কর্মী হাবীবুল্ল্যাহ মিজবা।

বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের ওপর বিশেষ প্রভাব, পানিবাহিত রোগের বিস্তার, অপুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তরুণদের সম্পৃক্ততার গুরুত্বের ওপরও বিশেষ জোর দেওয়া হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা মতামত দেন যে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার, পাহাড় সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণকে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।