ঢাকা | জুন ১৪, ২০২৬ - ৮:০৩ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটি থেকে উদ্ধারকৃত ৭ ফুটের অজগর সাপ কাপ্তাইয়ের ব্যাংছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত

  • আপডেট: Sunday, June 14, 2026 - 5:42 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই রেঞ্জের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে একটি ৭ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন প্রায় ৭ কেজি বলে জানিয়েছেন কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশে রবিবার (১৪ জুন) দুপুরে কাপ্তাই বন বিভাগের কর্মীরা সাপটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করে। এ সময় রেঞ্জ অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টায় রাঙামাটি সদর রেঞ্জের ফরেস্টার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি উদ্ধারকারী দল রাঙামাটি কৃষি বিভাগের উপপরিচালকের কার্যালয় থেকে অজগর সাপটি উদ্ধার করে। সাপটি উদ্ধারের পর সঠিক পরিবেশে ফিরিয়ে দিতে বন বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

বন কর্মকর্তারা জানান, অজগর সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করায় এর স্বাভাবিক বাসস্থান ফিরে পেয়েছে। এ ধরনের উদ্ধার ও অবমুক্তকরণ কার্যক্রম বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।