কাপ্তাই লেকে পানির ঘাটতি, অর্ধেকের বেশি ইউনিট বন্ধ কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে মাত্র ২টি ইউনিট চালু রয়েছে। বাকি ৩টি ইউনিট পানি সংকটের কারণে বন্ধ রয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ৯টা পর্যন্ত চালু থাকা ২টি ইউনিট থেকে মোট ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। অথচ কেন্দ্রটির ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করে জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর ক্রমাগত কমে যাচ্ছে। চলতি সপ্তাহে মাঝে মাঝে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে লেকের পানির স্তর এখনো স্বাভাবিক অবস্থানে পৌঁছাতে পারেনি।
তিনি জানান, রুল কার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই লেকের পানির স্তর ৭৮.৩৪ ফুট মিন সি লেভেলে থাকার কথা। কিন্তু বুধবার সকাল ৯টা পর্যন্ত লেকের পানির স্তর ছিল ৭৩.৯১ ফুট মিন সি লেভেল, যা নির্ধারিত স্তরের চেয়ে ৪.৪৩ ফুট কম।
এদিকে কপাবিকের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, সহসা মুষলধারে বৃষ্টিপাত না হলে বন্ধ থাকা বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে না। পানি সংকট অব্যাহত থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।











