ঢাকা | জুন ৮, ২০২৬ - ৮:৪০ অপরাহ্ন

শিরোনাম

এক মাসের বেশি সময় ধরে রাজস্থলীতে ইউএনও নেই, সেবা পেতে ভোগান্তিতে জনসাধারণ

  • আপডেট: Monday, June 8, 2026 - 6:32 pm

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় এক মাসেরও বেশি সময় ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে ভূমি সংক্রান্ত সেবা, উন্নয়ন কার্যক্রমের তদারকি, বিভিন্ন সরকারি সভা-সমাবেশ এবং জনসেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনও পদটি শূন্য থাকার কারণে উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন সরকারি কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে ভূমি সংক্রান্ত শুনানি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, আইনশৃঙ্খলা বিষয়ক সভা এবং জরুরি প্রশাসনিক কাজগুলো যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

সরেজমিনে কথা বলে জানা গেছে, প্রয়োজনীয় সেবা নিতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভূমি সংক্রান্ত মামলার শুনানি দীর্ঘসূত্রতায় পড়েছে, পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজেও ধীরগতি দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, একটি উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছেন ইউএনও। তাঁর অনুপস্থিতিতে সরকারি সেবার স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় সাধারণ জনগণ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা ও সমন্বয় কার্যক্রম পরিচালনাতেও অসুবিধা হচ্ছে।

উল্লেখ্য, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের ময়মনসিংহ জেলায় বদলির পর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে তিনি নিজ উপজেলায় দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্বে থাকায় সপ্তাহে বা দুই সপ্তাহে একবার রাজস্থলীতে এসে অফিস কার্যক্রম পরিচালনা করেন। ফলে অনেক জরুরি কাজ সময়মতো সম্পন্ন হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে উপজেলার সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত একজন স্থায়ী ইউএনও নিয়োগের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দ্রুত পদায়ন না হলে প্রশাসনিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, রাজস্থলী উপজেলার ইউএনও পদ দীর্ঘদিন শূন্য থাকার বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই পদটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও পদায়নের মাধ্যমে রাজস্থলীর প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে আসবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।