সেনাবাহিনী কর্তৃক লক্ষীছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদান
লক্ষীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি |
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং এক অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ২৩ মে ২০২৬ তারিখ রাতে লক্ষীছড়ি উপজেলার বাইন্যাছোলা এলাকার বাসিন্দা অরুন চাকমা ও জ্যোতিময় চাকমার যৌথ মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানটির সকল মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
ঘটনার বিষয়টি জানার পর বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির স্বাভাবিক জীবনযাত্রা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করা হয়।
এছাড়া একই এলাকায় ময়ূরখীল গ্রামের বাসিন্দা দুলাল নামের এক অসহায় ব্যক্তিকেও পুনর্বাসনের অংশ হিসেবে মানবিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করছে না, বরং দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী তাদের মানবিক ভূমিকার ধারাবাহিকতা বজায় রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।
লক্ষীছড়িতে এ মানবিক সহায়তা কার্যক্রমকে স্থানীয়রা সেনাবাহিনীর নিয়মিত জনকল্যাণমূলক উদ্যোগের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।











