ঢাকা | মে ২৪, ২০২৬ - ৮:২৯ অপরাহ্ন

শিরোনাম

ঈদ যাত্রা নিরাপদে চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে সওজের জনসচেতনতামূলক কার্যক্রম

  • আপডেট: Sunday, May 24, 2026 - 6:48 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাঙামাটির সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে রবিবার (২৪ মে) সকালে কাপ্তাই উপজেলার গুরুত্বপূর্ণ চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাট এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

সওজের উদ্যোগে ফেরিঘাট এলাকায় মাইকিং, ফেস্টুন ও বিভিন্ন নির্দেশনামূলক বার্তার মাধ্যমে চালক ও যাত্রীদের সতর্ক করা হয়। বিশেষ করে ফেরি চলাচলের সময় গাড়ির ভেতরে যাত্রী না থাকা, ফেরি সম্পূর্ণভাবে ঘাটে ভেড়ানোর আগে যাত্রীদের নেমে না যাওয়া এবং ফেরি থেকে গাড়ি নামানোর সময় আগে যাত্রীদের নিরাপদে সরে যাওয়ার বিষয়ে সচেতন করা হয়।

ফেরিঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তাই দুর্ঘটনা এড়াতে আগাম সচেতনতা তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রাঙামাটি সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঈদের পরেও এই কার্যক্রম চলমান থাকবে।”