মুন্সিগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জ প্রতিনিধি।। মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন—পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে সোপান (২২) ও তার বন্ধু একই গ্রামের রিপনের ছেলে আজওয়াদ (২২)।
তারা দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
স্বপন ও আজওয়াদের বন্ধু ও ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ জানান, ঢাকা থেকে তারা ১৫ জন বন্ধু মিলে মুন্সীগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় সোপানের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা সবাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
‘বিকেলে সোপান ও আজওয়াদ পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। আমাদের সঙ্গে থাকা বন্ধুদের কেউ সাঁতার না জানায় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বাঁচাতে পানিতে নামতে পারিনি,’ বলেন মাসুদ।
বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি মমিনুল জানান, এটি দুর্ঘটনা হওয়ায় ওই দুই শিক্ষার্থীর স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।











