ঢাকা | মে ২২, ২০২৬ - ৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম

ফোডেন পামার অ্যালেকজ্যান্ডার আর্নল্ডকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড

  • আপডেট: Friday, May 22, 2026 - 7:30 pm

স্পোর্টস ডেস্ক।। আভাস মিলেছিল আগের দিনই। এবার আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। বেশ কিছু পরিচিত মুখকে ছাড়াই আসন্ন বিশ্বকাপে খেলবে ইংল্যান্ড।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় আসরের জন্য শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। দলে জায়গা পাননি মিডফিল্ডার ফিল ফোডেন, কোল পামার ও ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

২০২৪ ইউরোর পর থেকে স্রেফ সাত মিনিট আন্তর্জাতিক ফুটবল খেলার পরও, চমক জাগিয়ে দলে ফিরেছেন স্ট্রাইকার ইভান টনি। অবশ্য এই মৌসুমে আল-আহলির হয়ে সৌদি আরবের লিগে ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন তিনি।

মৌসুমের দ্বিতীয়ার্ধে ফর্মে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কবি মেইনুও দলে জায়গা পেয়েছেন। কিন্তু তার ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুইয়ার ডাক পাননি। কোচের এই সিদ্ধান্ত নিয়ে আগের দিনই সামাজিক মাধ্যমে চরম হতাশা প্রকাশ করেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ডের রক্ষণভাগের প্রধান স্তম্ভ ছিলেন তিনি।

নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মর্গ্যান গিবস-হোয়াইটও দলে জায়গা পাননি। যদিও এই মৌসুমে প্রিমিয়ার লিগে ১৪ গোল করে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে অলি ওয়াটকিন্স ও ডমিনিক ক্যালভার্ট-লুইনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি।

গত বুধবার অ্যাস্টন ভিলার ইউরোপা লিগ জয়ে অবদান রাখা স্ট্রাইকার ওয়াটকিন্সকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে এই নিয়ে চারবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ব্রেন্টফোর্ডের অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। তার আগে এই কীর্তি ছিল গ্রেট ববি চার্লটনের। নেতৃত্বগুণের জন্য টুখেলের খুব পছন্দের খেলোয়াড় হেন্ডারসন।

ম্যানচেস্টার সিটির ফোডেন ও চেলসির পামার- দুজনই অ্যাটাকিং মিডফিল্ডার, যারা ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন। এই মৌসুমে তারা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সে কারণেই হয়তো বিশ্বকাপ দলে ডাক পেলেন না দুজন।

২০২৫ সালের জানুয়ারিতে টুখেল ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে মাত্র একবার খেলেছেন রেয়াল মাদ্রিদের রাইট-ব্যাক আলেকজান্ডার-আর্নল্ড।

কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো ইংল্যান্ড স্কোয়াডের কেবল আট জন এবারের দলে জায়গা পেয়েছেন।

আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৬৬ আসরের চ্যাম্পিয়নরা। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

বিশ্বকাপের ইংল্যান্ড দল:

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড

ডিফেন্ডার: রিস জেমস, এজরি কনসা, জ্যারেল কোয়ানসা, জন স্টোন্স, মার্ক গেয়ি, ড্যান বার্ন, নিকো ও’রাইলি, ডিয়েড স্পেন্স, টিনো লিভরামেন্টো

মিডফিল্ডার: ডেক্লান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, কবি মেইনু, জর্ডান হেন্ডারসন, মর্গ্যান রজার্স, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে

ফরোয়ার্ড: হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, মার্কাস র‍্যাশফোর্ড, অ্যান্থনি গর্ডন, ননি মাদুয়েকে।