ঢাকা | মে ১৯, ২০২৬ - ৮:৪১ অপরাহ্ন

মহালছড়িতে ওপেন হাউস ডে: আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনগণের যৌথ প্রয়াসের আহ্বান

  • আপডেট: Tuesday, May 19, 2026 - 7:14 pm

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়ি থানার উদ্যোগে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১১টায় ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহজাহান পাটোয়ারী এবং মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই মোঃ মাসুম হোসেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া, দুর্নীতি, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার এবং যৌতকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে পুলিশের সহযোগিতা কামনা করেন। পরে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

এসময় মহালছড়ি থানার অন্যান্য পুলিশ সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।