ঢাকা | মে ১৯, ২০২৬ - ৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

  • আপডেট: Tuesday, May 19, 2026 - 2:51 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।

 

উদ্বোধনের পর ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, সরকারের এই ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো জনগণকে সহজ ও কার্যকর সেবা প্রদান করা। তিনি পার্বত্যাঞ্চলে জমির সঠিক জরিপের ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত হেডম্যান ও কারবারিদের জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

 

কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলা আমীর হারুনুর রশীদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম এবং ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কাজল মিয়া।

 

পরে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।