ঢাকা | মে ১৬, ২০২৬ - ৯:০৭ অপরাহ্ন

শিরোনাম

রাত পোহালেই ঈদগাঁও জুয়েলারি অ্যাসোসিয়েশনের নির্বাচন

  • আপডেট: Saturday, May 16, 2026 - 7:33 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।।

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস) কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে (রবিবার)। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৯ জন। এর মধ্যে শাহ ফকির বাজারের রয়েছেন চারজন ভোটার। ভোটারদের মধ্যে ৫৫ জন হিন্দু এবং চারজন মুসলিম। নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকবে কিনা, সে বিষয়টিও আলোচনায় এসেছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন আরিফুর রহিম (হাতি মার্কা), ভবেশ আচার্য্য (সিংহ মার্কা) এবং সিরাজুল হক (গরুর গাড়ি মার্কা)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজন ধর (ঈগল পাখি মার্কা) ও সুকুমার মল্লিক (ময়ূর মার্কা)।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উজ্জ্বল ধর (কাঁঠাল মার্কা) ও কাঞ্চন ধর (আম মার্কা)।

সাংগঠনিক সম্পাদক পদে তাপস দে (রজনীগন্ধা প্রতীক) এবং রুবেল ধর (পদ্মফুল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপুল ধর (টিউবওয়েল), টিংকু দত্ত (চিংড়ি মাছ), সুমল ধর (কাতলা মাছ), সৈকত ধর (সিলিং ফ্যান) এবং অজয় ধর (ফুটবল)। এ পদে চারজন নির্বাচিত হবেন।

এদিকে কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল ধর এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে অয়ন ধর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু মৃণাল আচার্য্য। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন হাজী সেলিম, খোকন ধর, পরিমল দে এবং সুলাল ধর। ভোট গ্রহণ পরিচালনার দায়িত্বে থাকবেন শিক্ষক রাজন আচার্য্য ও শিক্ষক লিটন আচার্য্য।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঈদগাঁও বাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ের চতুর্থ তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একটি কেন্দ্রের দুটি বুথে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন উপলক্ষে বাজারের স্বর্ণপট্টি এলাকায় পোস্টার, ব্যানার ও লিফলেটের ছড়াছড়ি দেখা গেছে। অর্ধশতাধিক দোকান মালিক সমিতির ভোটার হলেও প্রতি দোকান থেকে একজন ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

সমিতির জেলা শাখার নির্দেশনা ও পরামর্শে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান বর্ধিত সভার প্রধান অতিথি মঞ্জুরুল হক চৌধুরী।

সভাপতি প্রার্থী ভবেশ আচার্য্য বলেন, ভোটাররা ব্যালটের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচিত হলে তিনি গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং ফলাফল যাই হোক তা মেনে নেবেন।

অপর সভাপতি প্রার্থী আরিফুর রহিম বলেন, ভোটাররা তার অতীত কাজের মূল্যায়ন করবেন। নির্বাচিত হলে তিনি সমিতির তহবিল গঠন, অফিস সংস্কার, বিরোধ মীমাংসা ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করবেন।

সভাপতি পদের আরেক প্রার্থী সিরাজুল হক বলেন, ভোটের পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে।

সাধারণ সম্পাদক প্রার্থী বিজন ধর বলেন, অফিস সংস্কার, তহবিল গঠন ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা ভোটারদের প্রধান দাবি। নির্বাচনের পরিবেশ উৎসবমুখর বলেও মন্তব্য করেন তিনি।

অপর প্রার্থী সুকুমার মল্লিক বলেন, নির্বাচিত হলে তিনি ব্যবসায়ীদের ঐক্য সুদৃঢ় করা, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করবেন।

সমিতির সদস্য মঞ্জুরুল হক চৌধুরী বলেন, ঈদগাঁও এলাকা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। অসাম্প্রদায়িক চেতনায় সমিতিকে পরিচালনা করতে পারলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বাবু মৃণাল আচার্য্য বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি বা সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা নেই।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি ওসির নেতৃত্বে চার সদস্যের পুলিশ দল নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব পালন করবে।