ঢাকা | মে ১৬, ২০২৬ - ৯:০৩ অপরাহ্ন

শিরোনাম

দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগে চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ

  • আপডেট: Saturday, May 16, 2026 - 7:30 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী কেষ্টমনি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। এতে দেড় শতাধিক পাহাড়ি নারী-পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

শনিবার (১৬ মে) সকালে লোগাং জোনের উদ্যোগে কেষ্টমনি টিওবি যাত্রী ছাউনিতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় বাসিন্দা মিতালি ত্রিপুরা ও সুমেন ত্রিপুরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা অসুস্থ রোগীদের জন্য বাড়তি দুর্ভোগ সৃষ্টি করে। তারা বলেন, বিজিবির এমন উদ্যোগ সীমান্ত এলাকার মানুষের জন্য অনেক উপকার বয়ে আনছে।

লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ এখনও স্বাস্থ্যসেবায় অনেক পিছিয়ে রয়েছে। বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয়দের জন্য আশীর্বাদস্বরূপ। একই সঙ্গে তিনি এলাকায় একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের দাবি জানান।

মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম বলেন, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকার মানুষের মাঝে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও বিজিবি সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

৩ বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমেও তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।