ঢাকা | মে ৭, ২০২৬ - ৭:৪১ অপরাহ্ন

শিরোনাম

বরকলে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত নারী, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ

  • আপডেট: Thursday, May 7, 2026 - 6:02 pm

বরকল উপজেলা প্রতিনিধি:

রাঙামাটির বরকলে বন্য শুকরের আক্রমণে আল্পনা চাকমা (৩৫) নামে এক পাহাড়ি নারী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বরকল উপজেলার ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের উজানছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল্পনা চাকমা কলাবুনিয়া বাজার থেকে কেনাকাটা শেষে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে উজানছড়ি এলাকার মধ্য আদম এলাকার একটি ঝিরির পাশে পৌঁছালে বন্য শুকরের একটি দল তার ওপর হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করেন। রাঙামাটি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আল্পনা চাকমার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। শরীর থেকে রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি।

এ ঘটনার পর উজানছড়ি এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।