বরকলে ১২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
বরকল প্রতিনিধি:-
রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন দোকানঘাট ও আমতলা বাজারঘাট নামক জায়গায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবৈধ ৫২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।
শনিবার (০২ মে) দুপুরের দিকে ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার গোলাম মওলার নেতৃত্বে একটি টহল দল উপজেলার দোকানঘাট ও আমতলা বাজারঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত এলাকার অজ্ঞাত অসাধু কাঠ ব্যবসায়ীরা অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে দোকানঘাট ও আমতলা বাজারঘাট এলাকায় কাঠ জমা করে রাখে। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবৈধ ৫২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। আটককৃত কাঠের মূল্য ২,০৬,০০০/- টাকা।
ছোট হরিনা জোন (১২ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, ১২ বিজিবি ছোট হরিনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও ছোট হরিনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারিদের বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় ছোট হরিনা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।











