ঢাকা | মে ১, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

গোপনে গোসলের ভিডিও ধারণ করায় দুই ক্রিকেটার আটক

  • আপডেট: Thursday, April 30, 2026 - 11:02 pm

খেলা ডেস্ক।। হোটেলে বাথরুমে গোসল করার দৃশ্য গোপনে ধারণ করার অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে উপস্থাপন করা হলে তাঁদের ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিনে মুক্তি দেওয়া হয়।

ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে নারাহেনপিতার একটি হোটেলের নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকাকালীন মুঠোফোনের মাধ্যমে তাঁদের ভিডিও করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই ওই ক্রিকেটারদের গ্রেপ্তার করা হয়।

শ্রীলঙ্কা পুলিশ ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে, নারাহেনপিতা পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে যে এই ভিডিওগুলোর কোনোটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না। প্রাথমিক শুনানির জন্য খেলোয়াড়দের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। আগামী ২৫ মে তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে এসএলসি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি। তবে দুই দিন ধরে এসএলসি অস্থিরতার মধ্যে পার করেছে। শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ডকে অপসারণের পর সেখানে ট্রান্সফরমেশন কমিটি গঠন করেছে দেশটির সরকার।