ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ৬:২৯ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম চারুকলা রক্ষায় চারুশিল্প সাংস্কৃতিক ঐক্য’র মতবিনিময়

  • আপডেট: Monday, April 27, 2026 - 3:28 pm

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট পরিবর্তন করে আরবি শিক্ষা প্রতিষ্ঠা করার পায়তারা চলছে—এর প্রতিবাদে এক মতবিনিময় সভা আয়োজন করা হয় ২৬ এপ্রিল (রবিবার) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ৮ নম্বর গ্যালারি হলরুমে। সাবেক প্রফেসর, চবি ভাস্কর অলক রায়ের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিটা পরিচালক শিশির দত্ত, থিয়েটার সভাপতি খালেদ হেলাল, চারুশিল্পী কাজী সুজা উদ্দিন আহমেদ, বিজন মজুমদার, নিলুফার চামান, সঞ্জিত রায়, মাহাবুবর রহমান চৌধুরী, জাহেদুল ইসলাম রনি, ফজলে রাব্বি এবং নাট্যকার চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের মোহাম্মদ শাহ আলম, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, তাপস শেখর (থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম), সাইফুল ইসলাম (থিউচ) প্রমুখ।

অলক রায় তাঁর বক্তব্যে বলেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাবেক চারুকলা কলেজ, বর্তমান চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম চবি—প্রতিষ্ঠানটি রক্ষা করতে হলে সরকারের সঙ্গে যোগাযোগ করতে হবে। চট্টগ্রামের একটি ইতিহাস আছে; চারুকলাটি তৎকালীন চট্টগ্রামের সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ ও শিক্ষিত মানুষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। চারুকলা যখন বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়, তখন ফ্যাকাল্টি হিসেবে করার দাবি উঠে, যা ইনস্টিটিউট বিষয়টি অবগত।

এখন শোনা যাচ্ছে শহরে অবস্থিত চারুকলাটি অন্য একটি প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা করা হয়েছে। সবাইকে ভাবতে হবে চারুকলা রক্ষায় কীভাবে সকল সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হওয়া যায়। ভবিষ্যতে চারুকলা রক্ষা করতে হবে।

বিজন মজুমদার বলেন, পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। আমরা যে বিচ্ছিন্নভাবে আছি, তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সাংস্কৃতিক অঙ্গন বাঁচাতে হবে।

শিশির দত্ত বলেন, আমাদের একটি খোলা জায়গা দরকার। শহরটি একটি দোকানঘরের সমষ্টিতে আবদ্ধ হয়ে গেছে। সেই জায়গাটাই আমাদের তৈরি করতে হবে। চট্টগ্রাম একটি শিল্প-সংস্কৃতির জায়গা হিসেবে গড়ে উঠুক—চারুকলা চর্চা শহরের প্রাণকেন্দ্রে অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।

পরিশেষে সবাই ঐকমত্যে পৌঁছান যে, আগামীতে মানববন্ধন ও ৩ দিনব্যাপী আর্টক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে এবং এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।