ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১২:২০ পূর্বাহ্ন

মহালছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনা জোন

  • আপডেট: Thursday, April 23, 2026 - 9:30 pm

মহালছড়ি (খাগড়াছড়ি):

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক বিকাশে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুমনীঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার ক্যাপ্টেন মোঃ সামিউল সানি। এ সময় দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন মোঃ সামিউল সানি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রয়োজন উপযুক্ত উপকরণ ও সহায়ক পরিবেশ। তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা যেন শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে মহালছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি উল্লেখ করেন, শুধু পাঠ্যপুস্তক নয়, খেলাধুলার মাধ্যমেও শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া কর্মকাণ্ডেও সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।