ঢাকা | এপ্রিল ১৬, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

আবেগঘন পরিবেশে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট: Thursday, April 16, 2026 - 6:30 pm

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া এলাকায় অবস্থিত দুর্গম পাহাড়ের শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন ধর্মের ধর্মীয় পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কনক বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অভিভাবকহীনতার কারণে অনেক শিশু ঝরে পড়ার ঝুঁকিতে থাকে, আর তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যই মং মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, “তোমরাই পাহাড়ের প্রকৃত সম্পদ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই পারবে এই জনপদের ভাগ্য বদলাতে।”

বিদ্যালয়ের সহকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন ও লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, বিএনপির অন্যতম সদস্য জিকু কুমার দে এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহম্মেদ। এ সময় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী পরীক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা জানায়, এই প্রতিষ্ঠানটি তাদের কাছে শুধু একটি বিদ্যালয় নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল। শিক্ষকদের স্নেহ, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমে তারা আজ শিক্ষার এই গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছাতে পেরেছে।