ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ৮:৪২ অপরাহ্ন

শিরোনাম

আইন আদালত

চাঞ্চল্যকর জীবন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক।। কেরানীগঞ্জে চাঞ্চল্যকর জীবন হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৮ অক্টোবর) ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মুনির হোসেন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. আরমান, মো. কাউসার, মো. জুয়েল ও মো. সাইফুল ইসলাম ওরফে খলিল। রায়ের সময় আসামিরা সবাই পলাতক ছিলেন। আদালতের রাষ্ট্রীয় কৌঁসুলি (পিপি) আশরাফুল আলম এনটিভি অনলাইনকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে বিয়ে করা নিয়ে বিদ্রূপের জেরে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের মুসলিমনগরের কানাপট্টি এলাকায় জীবন নামের ওই যুবককে নির্মমভাবে হত্যা করা হয়।

অভিযুক্ত জুয়েলকে তার বিয়ের কারণে জীবন ও তার বন্ধুরা উপহাস করায় এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। ঘটনার দিন দুপুর ১২টার দিকে জীবনকে ডেকে নিয়ে প্রথমে মারধর ও চাপাতি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরবর্তীতে ব্লেড দিয়ে জীবনের হাত ও পায়ের রগ কেটে দিয়ে আসামিরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পুলিশ জীবনকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় প্রদান করেন।

সম্পর্কিত