ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়ির ভূজপুরে এক রাতে দুই পরিবারের ঘরে দুর্ধর্ষ চুরি, এলাকায় আতঙ্ক

  • আপডেট: Saturday, April 11, 2026 - 7:11 pm

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একই রাতে দুই পরিবারের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভূজপুর এলাকার মৌলভী বাড়িতে অবস্থিত কাজিরহাট বাজারের ব্যবসায়ী নঈম সওদাগর এবং মরহুম হারুন সওদাগরের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মু. সাব্বির জানান, সকাল আনুমানিক ৮টার দিকে তার ভাগনি ফোনে চুরির বিষয়টি অবহিত করেন। তিনি বলেন, “আমরা সবাই একটি বিবাহ অনুষ্ঠানে বাইরে ছিলাম। সেই সুযোগে গভীর রাতে চোরেরা ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।”
পরিবারের দাবি, দুইটি ঘর থেকে প্রায় ২ লাখ টাকার অধিক মালামাল লুট করা হয়েছে। এর মধ্যে নগদ প্রায় ৬০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং শিশুদের জমানো টাকাও রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনো অবগত নই। লিখিত বা অলিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।