ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম

চার গাড়ির দুর্ঘটনাস্থলে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের

  • আপডেট: Saturday, April 11, 2026 - 7:10 pm

মিরসরাই প্রতিনিধি।।
মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় দুর্ঘটনাকবলিত চারটি গাড়ির মাঝখানে চাপা পড়ে প্রাণ হারিয়েছে এক কিশোর। এসময় আহত হন আরও তিনজন।
নিহত আশরাফুল মাহমুদ (১৭) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকার পেয়ার আহমেদের ছেলে। আহতরা হলেন— মো. সোহাগ (২০), মো. রাশেদ (৩২) ও নুরুল আমিন (৩২)।
রাশেদ দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক এবং সোহাগ তার সহকারী, নুরুল আমিন পথচারী।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, পিকআপ ভ্যান, ২টি কাভার্ড ভ্যান ও ট্রাক একই স্থানে দুর্ঘটনায় পড়ে। এসময় দুটি গাড়ির মাঝখানে চাপা পড়ে নুরুল আমিন ও আশরাফুল।
ট্রাকে থাকা স্টিলের পাতে আঘাত পান রাশেদ ও সোহাগ। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশরাফুল ও সোহাগকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে আশরাফুলের মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়ের হোসেন বলেন, আশরাফুলের মাথায় গুরুতর আঘাত ছিল। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। মহাসড়ক থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে।