মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশগ্রহণকারীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।
বক্তারা ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।











