বাউফলে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের ইমামতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত
মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আর ভালোবাসায় ভরে উঠল পটুয়াখালীর বাউফল। ঈদের সকালে মিলনমেলায় পরিণত হয় বাউফলের ঐতিহাসিক পাবলিক মাঠ, যেখানে একসাথে নামাজ আদায় করেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।
শনিবার সকাল আটটায় বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামায়াত। নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়, যা উপস্থিত মুসল্লিদের মনে গভীর আবেগের সঞ্চার করে।
নামাজ শেষে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। একে অপরের সঙ্গে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে সৃষ্টি হয় হৃদয়স্পর্শী পরিবেশ। এ সময় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সবশেষে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধদের মাঝেও ঈদ সালামি প্রদান করেন ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। তার এই মানবিক উদ্যোগে হাসি ফুটে ওঠে অনেকের মুখে।
ঈদ জামায়াতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসা অসংখ্য মুসল্লির উপস্থিতিতে বাউফল পাবলিক মাঠ পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
ঈদ সালাতে ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শিবির সভাপতি লিমন হোসাইন, অ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা আতিক নজরুল, সবুজ মাস্টারসহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











