ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫টি কেন্দ্রের ১১৫টি অধিক ঝুঁকিপূর্ণ, মাঠে ড্রোন-ডগ স্কোয়াড
ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বাকি ৭০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে সংস্থাটি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল মোতায়েন থাকবে।
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
অধিনায়ক জানান, এবারের উপনির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে প্রথমবারের মতো ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে একটি সেন্ট্রাল অপারেশনস কন্ট্রোল রুম এবং বিশেষ ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর সহায়তা নেওয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে একটানা ভোটগ্রহণ চলবে।
সংবাদ সম্মেলনে এসআরবি-১৩-এর পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য সব ভোটারকে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও আশ্বস্ত করা হয়।











