কোস্ট গার্ডের উদ্যোগে মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
স্টাফ রিপোর্টার, মোংলা।। বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আরও একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ ২০২৬) বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনি এলাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড বেইজ মোংলার ব্যবস্থাপনায় জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্প চলে। এতে প্রায় ২০০ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুসহ স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। দুঃস্থ ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের জন্য নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সংস্থাটি। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকের এই ক্যাম্প আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, “এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, দূরবর্তী এলাকায় চিকিৎসক ও ওষুধের সহজলভ্যতা কম থাকায় এমন ক্যাম্প তাদের জন্য খুবই উপকারী।
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ বিতরণ ও অন্যান্য জনসেবামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে, যা উপকূলীয় অঞ্চলের মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।











