ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম

রমজানে পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ডিসি-এসপিদের তৎপর থাকার নির্দেশ দিলেন পার্বত্য মন্ত্রী

  • আপডেট: Monday, February 23, 2026 - 7:48 pm

রাঙ্গামাটি প্রতিনিধি।
পবিত্র রমজান মাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বিশেষভাবে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তাঁর কার্যালয় থেকে ফোনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ডিসি ও এসপিদের সঙ্গে কথা বলেন।
ফোনালাপে মন্ত্রী বলেন, রমজান মাসে সবাই যেন শান্তিতে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বদা সতর্ক থাকতে হবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন বাড়তে না পারে, সে জন্য নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া যাবে না। জনগণের জানমাল রক্ষা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ভূমি-সংক্রান্ত বিরোধের বিষয়গুলো আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।
এছাড়া যানজট কমানো, স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, প্রমাণিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধরে রাখতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সরকারের চলমান কর্মসূচি সফল করতে শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কার্যক্রমে আরও নজর দিতে হবে।
মন্ত্রীর তৎপর নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করলে পার্বত্য চট্টগ্রামে রমজানের পবিত্রতা বজায় থাকবে, সাধারণ মানুষ শান্তি ও নিরাপত্তায় থাকবে এবং প্রশাসনের দক্ষতা আরও দৃশ্যমান হবে।