ঢাকা | ফেব্রুয়ারী ১৬, ২০২৬ - ৬:০৪ অপরাহ্ন

রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুনে পুড়লো ৩টি দোকান : ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

  • আপডেট: Monday, February 16, 2026 - 2:32 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

ভোর রাতে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার সংলগ্ন মাঝিপাড়া বটতলা এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—স্থানীয় ব্যবসায়ী দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমার চায়ের দোকান এবং প্রশান্ত বড়ুয়ার গাড়ির গ্যারেজ।

২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে রাত্রীকালীন মোবাইল ডিউটিতে থাকা চন্দ্রঘোনা থানার এসআই টিটু চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ভোর সাড়ে ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানের লাকড়ির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের দোকানে থাকা যন্ত্রাংশ, ব্যাটারি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।