ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম

আলীকদমে বৃদ্ধা নারীকে জবাই করে হত্যা, সন্দেহের তীর দুই পুত্রবধূর দিকে

  • আপডেট: Sunday, February 15, 2026 - 5:14 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের আলীকদম উপজেলা-এ বয়োবৃদ্ধ এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের কানা মেম্বার ঘাট এলাকায় এ লোমহর্ষক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে ৭০ বছর বয়সী রহিমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের দ্বিতীয় স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

স্বজনদের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে পরিবারের কেউ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। স্বামী ও সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে মেজো ছেলের প্রথম স্ত্রী ধারালো দা দিয়ে রহিমা বেগমকে হত্যা করে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার পর সন্দেহভাজন দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।