ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও তিন দফা দাবিতে পিসিসিপির বার্তা

  • আপডেট: Saturday, February 14, 2026 - 10:04 pm

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে তিন পার্বত্য জেলাসহ সারাদেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি এই আস্থা পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের গভীর প্রত্যাশার প্রতিফলন। সংগঠনটি আশা প্রকাশ করে, নবনির্বাচিত সংসদ সদস্যরা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

একই সঙ্গে পার্বত্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে নবনির্বাচিত এমপিদের প্রতি তিন দফা বিশেষ আহ্বান জানিয়েছে পিসিসিপি।

প্রথমত, পাহাড়ে সব জাতিগোষ্ঠীর মধ্যে প্রকৃত ভ্রাতৃত্ব ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান পার্বত্য শান্তি চুক্তি বাতিলের দাবি জানানো হয়। সংসদে বিষয়টি উত্থাপন করে বাঙালি–অবাঙালি নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সুযোগ, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

দ্বিতীয়ত, পাহাড়ের মানুষের ভূমি অধিকার সুরক্ষা ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের ওপর জোর দেওয়া হয়।

তৃতীয়ত, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিভেদমূলক রাজনীতি পরিহার করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সামাজিক সহাবস্থান জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। ভয়মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করাকে সময়ের দাবি বলে মন্তব্য করা হয়।

সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস বলেন, পার্বত্য অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী মডেল হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে পিসিসিপি।

বিবৃতিতে আরও আশা প্রকাশ করা হয়, নতুন সংসদ সদস্যরা জনগণের ম্যান্ডেট অনুযায়ী পাহাড়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।