দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
মো. আল আমিন, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
উপজেলার ৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। উপজেলা নির্বাচন অফিস জানায়, মোট ভোটার ৯৫ হাজার ৫৫ জন। এর মধ্যে পুরুষ ৪৮ হাজার ২৭৮, নারী ৪৬ হাজার ৭৭৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ইতিমধ্যে ৮৮৮ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। সে হিসাবে আজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা ৯৪ হাজার ১৬৭ জনের।
দুপুর ১২টা পর্যন্ত দীঘিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৪২ শতাংশ। বানছড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। এ ছাড়া উদালবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১২ শতাংশ।
দীঘিনালা উপজেলা খাগড়াছড়ি-২৯৮ আসনের অন্তর্ভুক্ত। এ আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের আগের দিন এক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন। জেলায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন।
কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কয়েকজন ভোটার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তাঁরা সন্তুষ্ট। নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, দিনশেষে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হবে।











