কাপ্তাইয়ে চলছে ভোটগ্রহণ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটির কাপ্তাই উপজেলায় সকাল সাড়ে ৭টা হতে ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিন সকাল ৮টায় ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। হাতে গোনা কয়েকজন ভোটারের উপস্থিতি দেখা যায়। এরপর ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি কম।
সকাল ৯টায় ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মহিলাদের উপস্থিতি অনেক। এসময় শিলছড়ি মারমা পাড়া হতে আসা ৭০ বছর বয়সী ক্রয়েপ্রু মারমা বলেন, ভোট দিতে এসে খুবই ভালো লেগেছে। এই কেন্দ্রে ভোট দিতে আসা ৬০ বছর বয়সী মেসিং মারমা বলেন, খুব সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোর্শেদ আলম বলেন, সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ১ শত ২০টি, বাইরে অনেক ভোটার অপেক্ষা করছে ভোট দিতে। এই কেন্দ্রে মোট ভোটার ১৪৪৮, তৎমধ্যে পুরুষ ভোটার ৭৩৯ এবং মহিলা ভোটার ৭০৯ জন।
এদিকে সকাল সাড়ে ৯টায় ৪নং কাপ্তাই ইউনিয়নের বিএফআইডিসি কেন্দ্রে গিয়ে দেখা যায়, এখানে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এসময় ৭৫ বছর বয়সী প্যারালাইসিস রোগী মনোয়ারা বেগম নাতির কোলে করে ভোট দিতে এসে বলেন, ১৭ বছর পর ভোট দিতে এসে ভালো লেগেছে। আর ভোট দিতে পারবো কিনা জানি না। এই কেন্দ্রে ভোট দিতে আসা ৭০ বছর বয়সী অন্ধ বৃদ্ধলোক শহীদুল্লাহ্ বলেন, আমি তো চোখে দেখি না, তবে ভোট দিতে পেরে ভালো লেগেছে। এদিকে বিএফআইডিসি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাকিব জোবায়ের বলেন, সকাল সাড়ে ৭টা হতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রে অনেক বৃদ্ধ লোকও ভোট দিতে এসেছেন। এসময় কেন্দ্রের বাইরে কথা হয় কাপ্তাই উপজেলার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সঙ্গে। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে, আমরা প্রশাসনসহ সকল জনগণের সহযোগিতা পাচ্ছি, ইনশাল্লাহ কাপ্তাইয়ে দিনশেষে ধানের শীষের বিজয় হবে।
এদিকে এদিন সকাল ১০টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ভোটারের উপস্থিতি ছিল অনেক। এসময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. হোসেন বলেন, সকাল ১০টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৩ শত ৫০।
এদিকে সকাল ১০টা ৪৫ মিনিটে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কথা হয় এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু তালেবের সঙ্গে। তিনি বলেন, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৩ শত ৫৫। এই কেন্দ্রে মোট ভোটার ২২ শত ৬৬।
কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার ২২টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৫০ হাজার ৯ শত ৫৯ জন, তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪ শত ৪১ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৫ শত ১৮ জন। ২২টি ভোটকেন্দ্রে ১০০টি পোলিং বুথে ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ শত ৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।











