ঢাকা | ফেব্রুয়ারী ১১, ২০২৬ - ২:৫৬ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 11:56 am

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের নিরাপত্তা জোরদারে স্থাপন করা সিসি ক্যামেরা দুটি দুর্বৃত্তরা খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি নজরে এলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
কেন্দ্র-সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছিল। তবে গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। আজকের মধ্যেই নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।