ঢাকা | ফেব্রুয়ারী ৪, ২০২৬ - ৩:৩১ অপরাহ্ন

শিরোনাম

আইডি হ্যাকের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি আটক, ন্যায়বিচারের আশা জামায়াত আমিরের

  • আপডেট: Wednesday, February 4, 2026 - 12:28 pm

ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাকের ঘটনায় সংশ্লিষ্ট একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তিনি ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, আমার ভেরিফায়েড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।”

 

তিনি আরও বলেন, “আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।”

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, “আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য।”

 

পোস্টের শেষে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।”