বাঘাইহাট ৫৪ বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বাঘাইছড়ি প্রতিনিধি।।
সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে রাঙামাটির বাঘাইছড়িতে জনসচেতনতামূলক সভা করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী, পদাতিকের নির্দেশনায় ব্যাটালিয়নের অধীন জুপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। বিওপি কমান্ডার স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর উপস্থিতিতে সভাটি পরিচালনা করেন।
সভায় সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তে যেকোনো ধরনের হত্যা রোধ এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।
বিজিবির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।
সচেতনতামূলক সভায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর কারবারি, কারবারি প্রতিনিধি ও বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।
সভায় স্থানীয়রা সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবির এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।











